প্রবাসী কার্ডধারীদের জন্য অন্তর্ভুক্ত হচ্ছে বিমান টিকিট, লাউঞ্জসহ বিশেষ সুবিধা
২১ জুলাই, ২০২৬ (মঙ্গলবার)
আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বর্তমান সরকারকে প্রবাসীবান্ধব উল্লেখ করে বলেন, মুখে প্রবাসীদের “রেমিট্যান্স যোদ্ধা” বলা হলেও বাস্তবে কাজের মাধ্যমে সেটির যথাযোগ্য প্রমাণ সবসময় দেওয়া হয় না; তবে এই ‘প্রবাসী কার্ড’ চালুর মাধ্যমে তাদের কাজের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। এই উদ্যোগের সফল বাস্তবায়নে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী আফরোজা খানম, এমপি বলেন, প্রবাসী ভাইদের সকল ধরণের সুযোগ সুবিধা নিশ্চিতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা ইতোমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করেছি। প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল মোটেল গুলোতেও আমরা প্রবাসীদের জন্য বিশেষ ছাড় প্রদানের বিষয়ে ভাবছি। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের জন্য Priority Check in ও Boarding সুবিধা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হবে। এসকল সুবিধা মিলবে বর্তমান সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে।
সভায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মোঃ শাকিরুল ইসলাম খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
