বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত
সোমবার রাতে (১৬ জুন ২০২৫) বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অত্যন্ত ফলপ্রসূ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐতিহাসিক এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে বিএনপি’র স্থায়ী কমিটির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়। বৈঠকটি সফলভাবে অনুষ্ঠানে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে দেশের সর্বস্তরের মানুষের মনে আস্থার সঞ্চার করেছেন।
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির এই সভা আরও মনে করে, বহুকাংক্ষিত এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনগণের গণতান্ত্রিক আকাঙ্খা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়টি সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৩ জুন ২০২৫) লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বৈঠক অনুষ্ঠিত হয়।▫️
