সেমিফাইনালে ওঠার সুযোগ কাজে লাগাতে পারলেন না নুরুলরা

সেমিফাইনালে ওঠার সুযোগ কাজে লাগাতে পারলেন না নুরুলরা

হঠাৎ করেই একটা ‘লাইফলাইন’ পেয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’। নুরুল হাসানের দলকে সেমিফাইনালে ওঠার আরেকটা সুযোগ দিয়েছিল অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি। টপ এন্ড টি-টোয়েন্টিতে আজ লিগ পর্বের শেষ দিনে মেলবোর্ন স্টারস একাডেমিকে হারিয়েই বাংলাদেশ ‘এ’ দলকে সুযোগ করে দিয়েছিল ক্যাপিটাল টেরিটরি। সুযোগ কাজে লাগিয়ে শেষ চারে উঠতে লিগ পর্বের শেষ ম্যাচটিতে নেট রানরেটের হিসাব মিলিয়ে জিততে হতো, কিন্তু অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ ‘এ’। ছয় ম্যাচের দুটিতে জেতা নুরুলরা দেশে ফিরছেন ১১ দলের মধ্যে নবম হয়ে।

ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে গিয়েছিল। অ্যাডিলেডের দলটির শুধু জিতলেই চলত। সেই কাজ সেরে চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে শিকাগো কিংসমেন, পাকিস্তান শাহিনস ও পার্থ স্কর্চার্স একাডেমির সঙ্গী হয়েছে দলটি। আগামীকাল সেমিফাইনাল ও ফাইনাল।