গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, বাড়তি সতর্কতা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভার কথা রয়েছে। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা আসবেন বলে জানা গেছে। তাদের এ পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে। তারা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে। এ ঘটনায় হতাহতের তথ্য এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
দলীয় একাধিক সূত্র জানায়, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা প্রমুখ গোপালগঞ্জে আসছেন। সেখানে তারা স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় ও সভায় বক্তব্য রাখবেন।
এদিকে তাদের এ আগমনকে কেন্দ্র করে অন্তত ১০ হাজার লোকের সমাগমের আশা করছে জেলার নেতাকর্মীরা। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ। ইতোমধ্যে সভাস্থল পরিষ্কার করছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। মঞ্চ প্রস্তুত করার পাশাপাশি চলছে ব্যানার লাগানোর কাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সভাস্থলের জায়গায় আগাছা ও ময়লা পরিষ্কারের কাজ চলছে। অদূরে পুলিশ ও এপিবিএনর সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি এনসিপির জেলা কমিটির সদস্যরা কাজের তদারকি করছেন।
গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির সদস্য মুতাসিম বিল্লাহ (এম বিল্লাহ) বলেন, ‘জেলায় এনসিপির প্রোগ্রাম একটি ফ্যাক্ট। অন্যান্য জেলার চাইতে এখানে বিষয়টি একটু আলাদা। আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। আমরা কোনো সহিংসতা চাই না। সুন্দর এবং শান্তিপূর্ণ একটি সমাবেশের আশা রাখি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করবে।’
এ বিষয়ে গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সমন্বয়কারী শাকিল মিয়া বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জ আসাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। সুন্দর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করে তারা মাদারীপুরে রওনা করবেন।’
পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।
