সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আটক

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আটক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারপতি খায়রুল হককে মিন্টো রোডে গোয়েন্দা শাখার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গত বছরের আগস্টে এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে ‘দুর্নীতি ও বিদ্বেষমূলক’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়। দুর্নীতির অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।

এবিএম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়।