মেসির প্রশংসা করে বিপাকে আর্জেন্টাইন তরুণ
নতুন মৌসুম শুরুর শেষ মুহূর্তে আর্জেন্টাইন ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। তবে মাঠে নামার আগেই বিতর্কে জড়িয়েছেন তিনি। ক্লাবের পরিচিতি অনুষ্ঠানে যোগ দিয়ে মেসিকে বিশ্বের সেরা ফুটবলার বলে অভিহিত করেছেন ১৮ বছর বয়সি এই মিডফিল্ডার।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের হাত থেকে জার্সি তুলে নেন মাস্তানতুয়োনো। এরপর রিয়াল সমর্থকদের একতা বড়সর ধাক্কা দিলেন এই তরুণ মিডফিল্ডার। মাদ্রিদে বসে শোনালেন লিওনেল মেসির বন্দনা।
তিনি বলেন, আমি ভীষণ খুশি, এমন আনন্দ অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল, আর আজ সেই স্বপ্ন পূরণ হচ্ছে, তাও আবার জন্মদিনে। এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। কোচকে ধন্যবাদ জানাই তিনি আমার ওপর আস্থা রেখেছেন।
এরপর প্রথম সংবাদ সম্মেলনেই আলোচনার জন্ম দিলেন মেসি প্রসঙ্গে। তার কাছে মেসিই বিশ্বসেরা। বার্নাব্যুয়ের ইতিহাসে এমনটা বিরল। মাদ্রিদে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা তারকাদের কারো নামই শোনা যায় না খুব একটা। সেখানে এমন প্রশংসা বাক্য অবাক করেছে সবাইকে।
আর্জেন্টাইন এই তরুণ বলেন, আমার কাছে মেসি-ই বিশ্বের সেরা ফুটবলার। ডি স্টেফানোর মতো অন্যদের আমি দেখিনি, আমি তাদের অনেক শ্রদ্ধা করি। তবে, আমার কাছে রিয়াল মাদ্রিদই ইতিহাসের সেরা ক্লাব। আমি এখানে নিজের পথ তৈরি করতে চাই, যাতে রিয়াল মাদ্রিদের সমর্থকরা আমার মাঠের পারফরম্যান্সে অনেক বেশি খুশি হন।
রিভার প্লেট ছেড়ে ৬ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের যোগ দিয়েছেন মাস্তানতুয়োনো। ২০ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল। সে ম্যাচে অভিষেক হতে পারে মাস্তানতুয়োনোর।
