শাহজালাল বিমানবন্দরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কল্যাণ ডেস্ক চালু
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রজাতন্ত্রের অসামরিক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ যাত্রা ও আগমনের সহায়তা সহজ করার লক্ষ্যে কল্যাণ ডেস্ক স্থাপিত হয়েছে।
বাংলাদেশ কল্যাণ বোর্ড (বিকেকেবি) এর ব্যবস্থাপনায় টার্মিনাল-১ এর ১ নম্বর গেইটের ২য় তলায় স্থাপিত এই ডেস্কে কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্বিঘ্নভাবে সেবা গ্রহণ করতে পারবেন।
সেবা গ্রহণের জন্য কর্মকর্তাদের বিকেকেবির ওয়েবসাইট থেকে গুগল ফর্মে আবেদন করতে হবে। ফর্ম পূরণ ও যথাযথ পরিচয়পত্রসহ আবেদন ই-মেইলে (viplounge@bkkb.gov.bd) প্রেরণ করতে হবে। আবেদনের সঙ্গে পাসপোর্ট, বিমানের টিকিট, ভিসার ফটোকপি এবং কর্মরতদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতিপত্র (GO) বা অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে অবসর/পিআরএল আদেশের কপি সংযুক্ত করতে হবে।
কল্যাণ ডেস্কে কেবল প্রজাতন্ত্রের অসামরিক কর্মকর্তা-কর্মচারীরাই (কর্মরত, পিআরএল ভোগরত বা অবসরপ্রাপ্ত) ২৪ ঘণ্টা সেবা পাবেন এবং এ জন্য কোনো ফি দিতে হবে না।
