জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ হোসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের নিকট হস্তান্তর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ হোসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের নিকট হস্তান্তর।

গত ১৪ মে ২০২৫ খ্রি. বুধবার রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবি দাওয়ার বিষয়ে মতবিনিময়ের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা কাকরাইল মসজিদ এলাকায় যান। 

মতবিনিময়ের একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে আন্দোলকারীদের মধ্য থেকে কে বা কারা একটি পানির বোতল ছুঁড়ে মারে, যা আকস্মিকভাবে তাঁর মাথায় আঘাত করে।

বিষয়টি খতিয়ে দেখা, জড়িত ব্যক্তিকে সনাক্ত এবং এ ঘটনার নেপথ্য কারণ উদঘাটনের নিমিত্তে ঢাকা মহানগর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে মোহাম্মদ হোসাইন নামক এক ব্যক্তিকে প্রাথমিকভাবে সনাক্ত করে। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের একটি দল গত ১৫ মে ২০২৫ খ্রি. বৃহস্পতিবার রাত আনুমানিক ০৯.০০ ঘটিকায় রাজধানীর আলুবাজার পুকুরপাড় এলাকায় তার মেস থেকে সনাক্তকৃত ঐ ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। 

এ বিষয়ে তার সাথে ঐ মেসে বসবাসরত অন্যান্য সদস্যদের তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। রাত আনুমানিক ০৯.৫৫ ঘটিকায় ডিবি কার্যালয়ে উপস্থিত হয়ে উক্ত ঘটনার সাথে  তার সংশ্লিষ্টতা ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য যে, জিজ্ঞাসাবাদের সময় তার বয়স, পেশা, ব্যক্তিগত মানবাধিকার ও আইনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। এক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটেনি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ১৬ মে ২০২৫ খ্রি. আনুমানিক ১২.০০ ঘটিকায় তিনি উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং এজন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকবেন মর্মে লিখিত অঙ্গীকারনামা দিতে প্রস্তুত রয়েছেন বলে অবহিত করেন। 

পরবর্তীতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাপূর্বক তাকে পরিবারের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হলে ১৬ মে ২০২৫ খ্রি. দুপুরে তার পরিবারকে বিষয়টি জানানো হয় এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ১৬ মে ২০২৫ খ্রি. সন্ধ্যা আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় তাকে তার মায়ের নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, ডিবি অফিসে উক্ত ব্যক্তির আগমন, জিজ্ঞাসাবাদ ও হস্তান্তরের বিষয়টি যথাযথভাবে ডিবি অফিসে রক্ষিত জিডিতে লিপিবদ্ধ করা হয়েছে।