জুলাই বিপ্লবের মতো নির্বাচনে তরুণদের ভোট বিপ্লব ঘটবে: আবু হানিফ
জুলাই বিপ্লবের মতো সামনের নির্বাচনে তরুণদের নেতৃত্বে ভোট বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আজ শনিবার রাতে কুষ্টিয়া জেলা কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
এসময় আবু হানিফ বলেন,”আওয়ামিলীগ বাংলাদেশে বিগত তিনটি নির্বাচন করেছিলো বিতর্কিত।গত ১৫ বছর তারা একদলীয় শাসন কায়েম করেছিলো। বিরোধী রাজনৈতিক দল গুলো ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে।সবশেষ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় আওয়ামিলীগ। এই জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল তরুণরা।পৃথিবীর সব দেশে ইতিহাস তৈরি করে এই তরুণরা। তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে জুলাইয়ে রাজপথে নেমেছিল। তারপর সেই আন্দোলনে সবাই রাজপথে নামে,বিদায় হয় ফ্যাসিবাদের।আমরা চাই এই তরুণরা সামনে নেতৃত্বে দিবে,জুলাই বিপ্লবের মতো সামনের নির্বাচনে তরুণদের নেতৃত্বে ভোট বিপ্লব ঘটবে। দেশের মানুষ এখন অনেক সচেতন, আমরা এই সচেতন মানুষদের নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। সামনের নির্বাচনে প্রায় ৪ কোটির বেশি তরুণ ভোটার রয়েছে, যারা বিগত সময়ে ভোট দিতে পারে,এই ভোটাররা সামনের নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে কাজ করবে। গণঅধিকার পরিষদ বাংলাদেশের প্রথম তরুণদের রাজনৈতিক দল,আমরা ১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করছি।২০২১ সালে এই তরুণদের নেতৃত্বে নতুন ধারা রাজনীতির অঙ্গিকার নিয়ে আত্মপ্রকাশ করে।আমরা এই দেশে গতানুগতিক রাজনীতির বাহিরে,নতুন রাজনীতির কথা বলছি।আমরা ২১ সালেই বলেছিলাম এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না,ক্ষমতার ভারসাম্য আনার জন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা,সংখ্যানিপাতিক হারের নির্বাচন করা।
উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম বলেন,”এই গণঅভ্যুত্থান ৩৬ দিনের নয়,দীর্ঘ দিন রাজনৈতিক দল এবং ছাত্র জনতার আন্দোলনের ফলেই আমাদের এই বিজয়।আমাদের কে আদালত, সচিবালয়সহ যেখানে ফ্যাসিবাদের দোসররা রয়েছে, তাদের কে অপসারণ করতে হবে। আওয়ামিলীগের দোসর ১৪ দল এবং জাতীয় পার্টি কেও বিচারের মুখোমুখি করতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক,বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ইব্রাহিম রনক,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পিন্টু,কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি এম এ শাহেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজিজুল ইসলাম,যুব অধিকার পরিষদের আহবায়ক জিলহজ্ব খান,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিতা প্রমুখ।
