মিথ্যা মামলার সাজায় কারাগারে গেলেন ছাত্রদলের ৬ নেতা
১৩ বছর আগের মামলায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সোহাগ মোল্লাসহ মোট ৬ জনকে ২ বছরের সাজা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম ৫ নম্বর আদালত। সাজাপ্রাপ্তরা রবিবার (২১ সেপ্টেম্বর) আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল আলম মাসুম, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান মামুন এবং রাশেদ উল্লাহ রাশেদ।
২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধের ঘটনায় দ্রুত বিচার আইনে বনানী থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় তদন্ত করে সে বছর ১৯ ডিসেম্বর ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৩ সালের ২২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ছয়জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।
এদিন আসামিরা গণআদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষে আইনজীবী ছিলেন ইলতুৎমিশ সওদাগর এ্যানি।
