ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন চলছে বুধবার (৪ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৪ মার্চের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।
৫ মার্চ দেওয়া হবে ১৫ মার্চের টিকিট, ৬ মার্চ দেওয়া হবে ১৬ মার্চের টিকিট, ৭ মার্চ দেওয়া হবে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ দেওয়া হবে ১৮ মার্চের টিকিট, ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট এবং ১০ মার্চ দেওয়া হবে ২০ মার্চের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে ৫ জোড়া বা ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে। এছাড়া পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত এমজি কোচ সার্ভিসে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ঈদযাত্রা সফল করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ-ডে) বাতিল করা হয়েছে।
এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার টিকিট আগাম সংগ্রহ করা যাবে। সংগঠনের সেক্রেটারি শুভংকর ঘোষ রাকেশ জানান, আজ সকাল থেকে কাউন্টার ও অনলাইন-দুই মাধ্যমেই টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।
তিনি বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন ও কাউন্টার- উভয় ক্ষেত্রে একই ভাড়া কার্যকর থাকবে। এদিকে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি ঈদে দূরপাল্লার বাস পরিচালনা করলেও তাদের অগ্রিম টিকিট বিক্রির সূচি এখনো ঘোষণা করা হয়নি।
