উত্তরায় UDDEG-এর তৃতীয় ডেন্টাল জ্ঞান বিনিময় সিম্পোজিয়াম
আধুনিক দন্ত চিকিৎসা প্রযুক্তি, চিকিৎসাপদ্ধতি ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হয়েছে ‘উত্তরা ডেন্টাল ডেভেলপমেন্ট এক্সিলেন্ট গ্রুপ’ (ইউডিডিইজি)-এর তৃতীয় ডেন্টাল জ্ঞান বিনিময় সিম্পোজিয়াম-২০২৬।
রোববার (৬ সেপ্টেম্বর) উত্তরার দ্য রয়্যাল কুইজিন রেস্টুরেন্টে আয়োজিত এ সিম্পোজিয়ামে প্রায় ৭০ জন ডেন্টাল সার্জন অংশগ্রহণ করেন। এবারের আয়োজনের মূল বিষয় ছিল ‘ক্লিয়ার অ্যালাইনার’। আধুনিক দন্ত ও চোয়াল বিন্যাস চিকিৎসায় ব্যবহৃত এ পদ্ধতির বিভিন্ন দিক, ব্যবহারিক প্রয়োগ, চিকিৎসাক্ষেত্রে এর কার্যকারিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে অনুষ্ঠানে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
সিম্পোজিয়ামে অংশ নেওয়া ডেন্টাল সার্জনরা নিজেদের চিকিৎসা-অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আধুনিক চিকিৎসাপদ্ধতির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। এর মাধ্যমে চিকিৎসকদের মধ্যে পেশাগত যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নতুন চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়।
আয়োজকরা জানান, আধুনিক দন্ত চিকিৎসার সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করার পাশাপাশি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। বিশেষ করে ক্লিয়ার অ্যালাইনারের মতো আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে চিকিৎসাসেবার মান আরও উন্নত করার সুযোগ রয়েছে।
তারা আরও জানান, ইউডিডিইজি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্ল্যাটফর্ম। কোনো ধরনের পেশাগত কিংবা ব্যক্তিগত বিভাজন ছাড়াই সব পর্যায়ের ডেন্টাল পেশাজীবীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতা বিনিময়ের জন্য একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য।
আয়োজকদের ভাষ্য, দন্ত চিকিৎসার ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও চিকিৎসাপদ্ধতি যুক্ত হচ্ছে। এসব বিষয়ে নিয়মিত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও জ্ঞানচর্চার সুযোগ তৈরি হলে চিকিৎসকরা নিজেদের আরও দক্ষ করে তুলতে পারবেন। একই সঙ্গে রোগীদের আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগী হিসেবে ছিল ‘স্মাইল কেয়ার’। তাদের সহযোগিতায় সিম্পোজিয়ামটি সফলভাবে সম্পন্ন হয়।
‘একসঙ্গে কাজ করে আরও উন্নত দন্ত চিকিৎসা’—এই লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতেও ডেন্টাল পেশাজীবীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ইউডিডিইজি।
