শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য এবং নিষিদ্ধ পলিথিন জব্দ
ঢাকার কেরানীগঞ্জ ও শোয়ারি ঘাটে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য এবং নিষিদ্ধ পলিথিন জব্দ।
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় গত ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সকাল সাড়ে ৭ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা ও কম্পোজিট স্টেশন পদ্মার সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৯৬ লক্ষ ৪৫ হাজার ৫৩০ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় কভার্ড ভ্যান চালক ও হেল্পারকে মুচলেকা নিয়ে কভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।
অপরদিকে, ঢাকার চকবাজার থানাধীন শোয়ারিঘাট সংলগ্ন এলাকায় একইদিন সকাল সাড়ে ৬ টায় কোষ্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২ টি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় তল্লাশি করে প্রায় ১ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৪ হাজার ৮৬৫ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। এসময়, কারখানা মালিকরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত ভারতীয় পণ্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধ ও পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
