বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনা খরচে ২১ রোগীর অপারেশন

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনা খরচে ২১ রোগীর অপারেশন

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনা খরচে গরিব-দুস্থ ২১ রোগীর চোখের অস্ত্রোপচার হয়েছে। ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে তাদের এ অস্ত্রোপচার হয়।

এই সেবাপ্রাপ্তদের মধ্যে ১১ জন নারী এবং ১০ জন পুরুষ।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভিশন কেয়ার ফাউন্ডেশন ও ব্রাহ্মণবাড়িয়ার মানবসেবা আলমি ফাউন্ডেশনের সহযোগিতায় এ অস্ত্রোপচার কার্যক্রম হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবতৈনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. অ্যান্থনি অ্যালবার্ট, ডা. আক্তার ফেরদৌসি জাহান ও ডা. জেরিন পারভীন।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরিব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকেই এমন উদ্যোগ চলমান। সারা দেশে চক্ষু ক্যাম্পের মাধ্যমে রোগী বাছাই করে এখন পর্যন্ত তিন হাজার ৫৩৪ জনেরও বেশি রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার জগৎসার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মাদরাসা মাঠে চিকিৎসা ক্যাম্পে এক হাজার রোগীকে বিনা খরচে সেবা দেওয়া হয়। ওই রোগীদের মধ্যে থেকে ১০০ জনকে ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে চোখ অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়। তাদের মধ্য থেকে রোগীদের পর্যায়ক্রমে অস্ত্রোপচার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *